ইনিয়েস্তা-পুয়োলদের একই কথা মুখ খোলো নেইমার

প্রতিটি নতুন দিনে নেইমারের দলবদল গুঞ্জন পাচ্ছে নতুন মোড়। কিন্তু এত কিছুর মধ্যেও নেইমার ‘স্পিকটি নট’। এ জন্যই বার্সেলোনায় তাঁর বর্তমান সতীর্থ ও সাবেক খেলোয়াড়েরা সবাই-ই বলছেন, যা বলার এখন নেইমারকেই বলতে হবে।
নেইমারের ‘বার্সা না পিএসজি’ নাটকের নতুন পর্ব হলো কাল। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি সফর শেষে বার্সেলোনারই স্পনসরদের এক অনুষ্ঠানে নেইমারের চীনে যাওয়ার কথা থাকলেও গত পরশু চীনের ট্রাভেল এজেন্সি সিট্রিপ জানায়, দলবদল নিয়ে ব্যস্ত থাকায় নেইমার যাচ্ছেন না। ঘটনাটাকে পুরো ১৮০ ডিগ্রি উল্টে দিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে নেইমার জানিয়েছেন, তিনি যাচ্ছেন! চীনা ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সোমবার দেখা হচ্ছে।’
নেইমার কোথাও গেছেন, আর ভক্তরা অটোগ্রাফ-সেলফির জন্য ঘিরে ধরবেন না তা কি হয়! যুক্তরাষ্ট্রের মায়ামিতে পরশু ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির এক অনুষ্ঠানে গিয়েই ভক্তদের ভালোবাসার এই ‘অত্যাচার’ সইতে হলো বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে l এএফপিতবে বার্সা-পিএসজি নাটক নিয়ে কিছুই বলছেন না। এমনকি পরশু মায়ামিতে নাইকির অনুষ্ঠানে গিয়েও টুঁ-শব্দও করেননি নেইমার। এ জন্যই হয়তো কাল সংবাদ সম্মেলনে নেইমারের দলবদল-সংক্রান্ত প্রশ্নে কিছুটা বিরক্ত হয়েই আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন, ‘আপনাদের (সংবাদমাধ্যম) অনুরোধ করব এ নিয়ে এত প্রশ্ন না করতে। তবে এসব জল্পনা-কল্পনা শেষ করার একটাই উপায়—নেইমারের কথা বলা।’ সুয়ারেজও বলেছেন, ‘নেইমারই সব কথা বলবে। তবে ও যে সিদ্ধান্তই নিক, সতীর্থ হিসেবে আমরা ওকে সমর্থন করব।’
পরশু নেলসন সেমেদোর সঙ্গে হাতাহাতি করে অনুশীলন ছেড়ে যান নেইমার। কাল ওই ঘটনার ব্যাখ্যা অবশ্য ইনিয়েস্তা দিয়েছেন, ‘অনুশীলনে এমনটা হতেই পারে। কিন্তু এখন নেইকে (নেইমার) ঘিরে যে অবস্থা, আর বিশ্বজুড়ে যা বলা হচ্ছে, সে কারণেই এটা গুরুত্ব পেয়েছে। আমরা যারা অনুশীলনে ছিলাম, তাদের কাছে এটা কিছুই নয়।’ তবে বার্সাকে নেইমারের মূল্যটাও আরেকবার মনে করিয়ে দিয়েছেন, ‘আমার মনে হয় না, নেইমারের চেয়ে (ওর দলবদলের কারণে পাওয়া) ২০০-৩০০ মিলিয়ন বার্সেলোনার জন্য বেশি উপকারী হবে।’
বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকেও বলটা ঠেলেছেন নেইমারের কোর্টে, ‘এই মুহূর্তে ও নিজেও জানে না ও কী করতে চায়। দলে আমরা ওর ঘনিষ্ঠরা ওকে বোঝানোর চেষ্টা করছি। ও কী চায়, সেটির ওপরই সবকিছু নির্ভর করে। বিশ্বের যেকোনো দলই ওকে চাইবে। তবে এটা অগ্রাধিকারের ওপর নির্ভর করে। আপনি কী চান? আরও অর্থ? নাকি শিরোপা? কেউ কেউ তো শিরোপা জেতার জন্য একটু কম অর্থও বেছে নেয়।’
বার্সেলোনা কিংবদন্তি কার্লোস পুয়োলও মুখ খুলতে বলছেন নেইমারকে, ‘কী করতে চায়, সেই ব্যাখ্যা ওকেই (নেইমার) দিতে হবে। সিদ্ধান্তটা ওরই।’ তবে বার্সারই আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো একটা সহজ সমাধান দিয়েছেন নেইমারকে, ‘ওর উচিত নিজের মন কী বলে, সেটা শোনা।’
তবে ‘শতাব্দীর সেরা এই দলবদল’ নিয়ে গুঞ্জন চলছেই। রেডিও মন্টে কার্লো বলেছে, দু-এক দিনের মধ্যেই নেইমারের পিএসজিতে যাওয়া আনুষ্ঠানিক হয়ে যাবে। নতুন গুঞ্জন, বার্সাকে রাজি করাতে বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরোর পাশাপাশি অ্যাঙ্গেল ডি মারিয়াকেও দিতে রাজি পিএসজি। মার্কা লিখেছে, নেইমারের বিকল্প হিসেবে জুভেন্টাসের পাওলো দিবালার পাশাপাশি আঁতোয়ান গ্রিজমানকেও ভেবে রেখেছে বার্সা। অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের বাই-আউট ক্লজ ‘মাত্র’ ১০০ মিলিয়ন ইউরো, বর্তমান বাজার বিবেচনায় এটিই বার্সাকে বেশ আগ্রহী করে তুলছে। মার্কা, এএস, স্পোর্ত।

0 comments:

Copyright © 2013 Spots