মাদ্রিদে ফিরেই ঝামেলায়



ক্রিস্টিয়ানো রোনালদো
ছুটিটা কাটিয়ে মাদ্রিদে ফিরতে পারলেন কি পারলেন না, ক্রিস্টিয়ানো রোনালদোকে পড়তে হচ্ছে ঝামেলায়। ঝামেলাই তো! মামলার শুনানিতে আদালতে যাওয়া কারই বা ভালো লাগে! কর ফাঁকির মামলায় আগামীকালই মাদ্রিদের উপশহর পোজুয়েলো দে আলারকনের আদালতে হাজির হতে হচ্ছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ডকে।
ডেভিড বেকহাম রিয়ালে আসার পর যে স্পেন তারকা ফুটবলারদের কাছে আয়করের দিক থেকে প্রিয় হয়ে উঠেছিল (২০০৫ সালে বিদেশি ফুটবলার ও অন্যদের কর আরোপে কিছু সুবিধা দিয়ে ‘বেকহাম ল’ বানায় স্পেন), সেই স্পেনেরই কর কর্তৃপক্ষ এখন ফুটবলারদের কাছে দুঃস্বপ্ন। লিওনেল মেসি সেই দুঃস্বপ্ন কোনোমতে ভুলতে পেরেছেন কদিন আগেই জরিমানার বিনিময়ে কর ফাঁকির কারণে ২১ মাসের স্থগিত কারাদণ্ডের শাস্তি থেকে মুক্তি পেয়ে। নেইমার, মাচেরানো, ডি মারিয়ারাও ঘুরে এসেছেন স্পেনের কর কর্তৃপক্ষের দরজা। কয়েকজনকে আদালতের বারান্দায়ও ঘুরতে হয়েছে। ঘুরতে হচ্ছে রোনালদোকেও।
এত দিন যেখানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের হাত ধরে ঘুরেছেন এ দ্বীপ-ও দ্বীপে, সেখানে কিনা এখন কর ফাঁকির অভিযোগের মীমাংসায় করতে হচ্ছে আইন-আদালত! এই ‘ঝামেলা’টা না থাকলে হয়তো মাদ্রিদে নয়, ছুটি শেষে সোজা চলে যেতেন যুক্তরাষ্ট্রে। খেলতে পারতেন বাংলাদেশ সময় আজ ভোরে মায়ামিতে হয়ে যাওয়া বার্সেলোনা-রিয়াল এল ক্লাসিকোতে।
অবশ্য অভিযোগটাও বড় রোনালদোর বিরুদ্ধে। স্পেনে থাকলেও বেকহাম ল-এর সুবিধা নিয়ে স্পেনের বাইরে অর্জিত আয়ের ওপর কর তাঁকে দিতে হয় না। কিন্তু স্পেনে অর্জিত আয়ের ওপরই নাকি ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন রোনালদো। অবশ্য বরাবরই তিনি অভিযোগ অস্বীকার করে এসেছেন। যদিও গত মাসে বাতাসে রব উঠেছিল এই মামলায় তিতিবিরক্ত হয়ে রিয়াল ও স্পেন ছাড়তে চান তিনি। কদিন আগে ৩২ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড সেখানেও ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। জানিয়ে দিয়েছেন রিয়ালেই আরও আরও শিরোপা জিততে চান।
মাদ্রিদের অনুশীলনে যোগ দেবেন ৫ আগস্ট। শিরোপার প্রস্তুতিও শুরু হবে। তবে এটাও নিশ্চিত, শিরোপার পাশাপাশি এই মামলাটায়ও খুব করেই জিততে চাইবেন রোনালদো। এএফপি

0 comments:

Copyright © 2013 Spots