শেখ জামাল ২: ০ মোহামেডান; ব্রাদার্স ০: ০ বিজেএমসি গ্যালারি থেকে জয় দেখলেন কোচ


প্রিন্ট সংস্করণ
বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা শেখ জামালের মোমোদু বাওয়ের। কাল মোহামেডানের বিপক্ষে দলের ২-০ গোলের জয়ে প্রথমটি এসেছে গাম্বিয়ান এই ফরোয়ার্ডের পা থেকেই l প্রথম আলোম্যাচ শেষে সৌজন্য করমর্দনের জন্য যোশেফ আপুসিকে পেলেন না সৈয়দ নইমুদ্দিন। মোহামেডানের ভারতীয় কোচ মাথা নিচু করেই মাঠ ছাড়লেন। দৃশ্যটা অন্যরকমও হতে পারত। শেখ জামালের কোচ আপুসি হয়তো আগেভাগে এসে শুভেচ্ছা বিনিময় করতে পারতেন। দুর্ভাগ্য আপুসির। মাঠে দাঁড়িয়ে জয়ের আনন্দটা উদ্‌যাপন করতে পারলেন না এই নাইজেরিয়ান। ম্যাচের ২০ মিনিটে তাঁকে ডাগআউট থেকে বের করে দেন রেফারি আজাদ রহমান। রেফারির সঙ্গে তর্কের জেরে বাকি সময় ভিআইপি গ্যালারির ‘দর্শক’ তিনি। কোচ মাঠে ছিলেন না, কিন্তু তাঁকে ঠিকই জয় উপহার দিয়েছেন ফুটবলাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল প্রিমিয়ার লিগে মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে জয়ে লিগ শুরু করেছে শিরোপার অন্যতম দাবিদার শেখ জামাল।    
ম্যাচের শুরু থেকে অনেক আক্রমণ শাণিয়েও গোলের দেখা পাচ্ছিল না শেখ জামাল। প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নদের গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত এক ভলি মোমোদু বাওয়ের, উল্লাসে মেতে ওঠে শেখ জামাল (১-০)। গোল করেই গাম্বিয়ান ফরোয়ার্ড ছুটে যান মাঠের বাইরে। খুঁজতে থাকেন কোচকে। অবশেষে কোচকে ভিআইপি গ্যালারিতে খুঁজে পেয় স্যালুট জানালেন।
গোল শোধে মরিয়া মোহামেডান ম্যাচে ফেরার চেষ্টা করেছে বেশ কয়েকবার। ৫৩ মিনিটে স্যামসান ইলিয়াসুর শট বারের সামান্য ওপর দিয়ে চলে যায়। ৮৬ মিনিটে রাফায়েল ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচে ফেরার শেষ সুযোগও শেষ হয়ে যায় মোহামেডানের। ডান প্রান্ত দিয়ে জাহেদ পারভেজের ক্রসটি যদিও মোহামেডানের ডিফেন্ডার মনিরের পায়ে লেগে দিক বদলে ঢুকেছে জালে। কিন্তু মনিরের সামনে দাঁড়ানো রাফায়েলকেই গোলের কৃতিত্ব দিয়েছেন রেফারি। 
ব্রাদার্স-বিজেএমসি ড্র
ডাগআউটের সমানে চিৎকার করে চলেছেন জিওভান্নি স্কানু। ব্রাদার্সের ইতালিয়ান কোচ ভীষণ বিরক্ত ফুটবলারদের ওপর। বিরক্ত লাগল বিজেএমসির কোচ জাকারিয়া বাবুকেও। যেভাবে দুই দল গোল নষ্টের মহড়ায় মেতে ছিল, তাতে বিরক্ত না হয়েই বা উপায় কী! প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেছে বিজেএমসির সঙ্গে।  
ফেডারেশন কাপের পর কলকাতার কোচ সুব্রত ভট্টাচার্যকে বিদায় করে দেয় ব্রাদার্স। লিগ শুরুর সপ্তাহ দুয়েক আগে কমলা জার্সিধারীদের দায়ত্বি নেন স্কানু।
তারুণ্যনির্ভর দলটাকে নিয়ে এখনো যে ভালোভাবে কাজ করতে পারেননি, মাঠে ফুটবলারদের পারফরম্যান্সই সেটা বলে দিচ্ছিল। তা ছাড়া বিদেশি খেলোয়াড় অগাস্টিন ওয়ালসন, সিও জুনাপিওরাও সেভাবে আলো ছড়াতে পারেননি। তুলনায় বিজেএমসি আক্রমণে উঠেছে বেশি। কিন্তু সমানে গোল নষ্ট করেছেন শরীফুল, আবদুল্লাহ আল মামুনরা।       
যদিও ম্যাচের ৩২ মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাদার্স। বিজেএমসির গোলরক্ষক সোহাগ হোসেন পলাশকে একা পেয়েও ব্রাদার্সের ফরোয়ার্ড রনি বল তুলে দেন হাতে! ৪৮ মিনিটে বিজেএমসির শরীফুলের ক্রস বক্সের সামনে দাঁড়ানো আবদুল্লাহ আল মামুন কাজে লাগাতে পারেননি।

0 comments:

Copyright © 2013 Spots